রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গুলশানের ওই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে। এর আগে একই ঘটনায় ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল পুলিশ।

পুলিশের করা মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বাদী হয়ে মামলাটি করেন। এতে ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

এরই মধ্যে মামলায় গ্রেপ্তার হওয়া ২৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version