গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের কাছে আশ্রয় না পেয়ে গাছতলায় বসবাস করতে বাধ্য হওয়া ৯৫ বছর বয়সী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে একটি প্রতিনিধি দল বৃদ্ধের বাড়িতে গিয়ে শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে হাজী শামসুল হক মোল্লার বাড়িতে যায়। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। এর পরিপ্রেক্ষিতে প্রতিনিধি দলটি বৃদ্ধের খোঁজ নিতে যায়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃদ্ধের নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। সরেজমিনে গিয়ে তারা জানতে পেরেছেন, বৃদ্ধের ছেলেরা তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তার দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে বলেও জানান তিনি।

যেভাবে গাছতলায় ঠাঁই হয় বৃদ্ধের

পরিবার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার দুই ছেলে ও চার মেয়ে। দীর্ঘদিন পরিশ্রম করে ছয় সন্তানকে বড় করেছেন তিনি। কয়েক বছর আগে নিজের জমিজমা সন্তানদের মধ্যে ভাগ করে দেন। এরপর থেকেই সন্তানদের কাছে তার দেখাশোনা ও আশ্রয় পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে বসতবাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশের একটি গাছের নিচে আশ্রয় নিতে বাধ্য হন তিনি। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনও উদ্যোগ নেয়। পরে তার বড় ছেলে তাকে বাড়িতে ফিরিয়ে নেন এবং ভরণপোষণের দায়িত্ব পালনের আশ্বাস দেন।

বৃদ্ধের এমন পরিস্থিতির খবর প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার খোঁজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে তার নিরাপদ আশ্রয়, পরিচর্যা ও ভরণপোষণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে প্রতিনিধি দল।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version