বিনোদন প্রতিবেদক
অভিনেতা তাওসিফ মাহবুবকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন এক লুকে। শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি।
চরিত্রটির জন্য তাওসিফকে পেশাদার পাইলটের আদলে সাজানো হয়েছে। সাদা শার্ট, টাই, কালো ট্রাউজার, পাইলটের ক্যাপ, ব্যাজ ও সানগ্লাসে তাঁর এমন লুক তৈরি করা হয়েছে যে বিমানবন্দরে অনেকেই প্রথমে তাঁকে অভিনেতা হিসেবে চিনতে পারেননি।
সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় পাইলটের পোশাকে বিমানবন্দরে তাওসিফের এই অভিজ্ঞতা বেশ মজার ছিল বলে জানান তিনি।
তাওসিফ বলেন, অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। তবে পাইলটের পোশাকে বিমানবন্দরে মানুষের প্রতিক্রিয়া তাঁর জন্য ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। অনেকেই তাঁকে বারবার দেখছিলেন—তিনি সত্যিই পাইলট কি না, নাকি অভিনেতা তাওসিফ মাহবুব, তা বুঝতে পারছিলেন না।
এই অভিজ্ঞতা উপভোগ করতে ইচ্ছা করেই কিছু সময় মানুষের মাঝে ঘোরাফেরা করেছেন তাওসিফ। বাংলাদেশের পাইলটদের পোশাক পর্যবেক্ষণ করে নিজের মাপ অনুযায়ী পোশাকটি তৈরি করিয়েছেন বলেও জানান তিনি।
পাইলটের ইউনিফর্ম পরার অভিজ্ঞতা তাঁর কাছে পেশাটির প্রতি নতুন এক উপলব্ধিও তৈরি করেছে। তাঁর মতে, পোশাকটির সঙ্গে পাইলটদের প্রতি মানুষের যে সম্মান ও গর্বের অনুভূতি রয়েছে, সেটি কাছ থেকে অনুভব করা গেছে।
সম্পর্ক ও আবেগের গল্প ‘ক্যাফে আমব্রেলা’
‘ক্যাফে আমব্রেলা’ নির্মিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও আবেগকে কেন্দ্র করে। ওয়েব ফিল্মটিতে একাধিক গল্প রয়েছে, যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি সামগ্রিক আখ্যান তৈরি করেছে।
নামের মধ্যে ‘ক্যাফে’ থাকলেও গল্পটি কোনো রেস্তোরাঁ বা খাবারকেন্দ্রিক নয়। বরং মানুষের সম্পর্ক, অনুভূতি ও আবেগের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এতে।
বর্তমানে কক্সবাজার বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ওয়েব ফিল্মটির শেষ ধাপের শুটিং চলছে। প্রথমবারের মতো তাওসিফের বিপরীতে অভিনয় করছেন সাবেক লাক্স তারকা বিদুষী বর্ণিতা।
এ ছাড়া অভিনয় করছেন নাজাহ নওয়ার, আমিনা ইসলাম, পার্থ শেখ ও আরেফিন জিল্লানি। ওয়েব ফিল্মটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
