দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পানি বিষয়ক প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ওয়াটার চ্যালেঞ্জ’-এ ‘আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশের তরুণ গবেষক জাবির জারিফ আখতার।

৯ থেকে ১১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার দেগু শহরে অনুষ্ঠিত ‘কোরিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬’ (KIWW)-এর অংশ হিসেবে আয়োজন করা হয় ‘ওয়ার্ল্ড ওয়াটার চ্যালেঞ্জ’। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল—‘Water, Energy, AI: Securing Our Future’।

আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, সরকারি প্রতিনিধি ও পানি সম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আবেদনের মধ্য থেকে আটটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। এর মধ্যে দুটি দলকে দেওয়া হয় ‘আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড’। বাংলাদেশের জারিফ ছিলেন পুরস্কারজয়ী একটি দলের সদস্য—যদিও তার দলটি আসলে একক সদস্যের।

পানি দূষণ শনাক্তে ‘আরবান সেন্টিনেল’

জারিফ যে প্রকল্পের জন্য পুরস্কার পেয়েছেন, সেটির নাম ‘Urban Sentinel’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও প্রযুক্তি ব্যবহার করে শহরের পানি সরবরাহ ব্যবস্থায় দূষণ শনাক্ত করা, দূষণের উৎস খুঁজে বের করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রযুক্তি দেখিয়েছেন তিনি।

জারিফের প্রযুক্তির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি বড় কোনো দূরবর্তী সার্ভারের ওপর পুরোপুরি নির্ভরশীল নয়। মেশিন লার্নিং মডেল ও প্রয়োজনীয় প্রোগ্রাম সরাসরি ডিভাইসের ভেতরেই রাখা হয়েছে। ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও সিস্টেমটি কাজ করতে পারে।

তার দাবি, উন্নয়নশীল ও অনুন্নত দেশের শহরগুলোতে পানি সরবরাহ ব্যবস্থার দূষণ নিয়ন্ত্রণে এ প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ও অফলাইনভাবে কাজ করার সক্ষমতা থাকায় এটি জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা সম্ভব।

বুয়েটের গবেষণার সঙ্গে যুক্ত জারিফ

কোরিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকের ওয়েবসাইটে জারিফের নামের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম উল্লেখ করা হয়েছে। তিনি বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিতে (IAT) গবেষণা সহকারী হিসেবে কাজ করছেন।

বিভিন্ন ধাপের বাছাই পেরিয়ে গবেষক হিসেবে তিনি ‘ওয়ার্ল্ড ওয়াটার চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণের সুযোগ পান। তার গবেষণাকাজে বুয়েটের আইএটি ও টেক্সটাইল অ্যানালিটিক্যাল ল্যাবরেটরি সহযোগিতা করেছে। পরীক্ষামূলক পর্যায়েও বুয়েট ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) সহায়তা দিয়েছে।

এর আগে ২০২৪ ও ২০২৫ সালে তিনি ‘স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ’-এও অংশ নিয়েছিলেন। ২০২৪ সালে তিনি প্রতিযোগিতাটির শীর্ষ পাঁচে জায়গা করে নেন।

গবেষণার পাশাপাশি আরও বড় স্বপ্ন

জারিফ ২০২৩ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং পরের বছর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এইচএসসি পাস করেন।

পড়াশোনার পাশাপাশি সংগীত, বিতর্ক ও বিভিন্ন প্রতিযোগিতায়ও তার অংশগ্রহণ রয়েছে। এ ছাড়া নাসার ‘Great Lunar Expedition for Everyone’ মিশনের গবেষণা ও প্রযুক্তি বিষয়ক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

ভবিষ্যতে প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান জারিফ। গবেষণার পাশাপাশি সাধারণ মানুষের জীবনেও প্রযুক্তির সুফল পৌঁছে দিতে চান তিনি। তাই ভবিষ্যতে গবেষণার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও কাজ করার লক্ষ্য রয়েছে তার।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version