নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর ২০২৬
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অধিদপ্তরের দুই সিপাহি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি সৌরভ চন্দ্র নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুর ঘোষপাড়া মন্দিরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার বিশ্বরোডসংলগ্ন ঘোষপাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় গ্রেপ্তার এড়াতে সৌরভ চন্দ্র অভিযানকারী দলের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে ডিএনসির সিপাহি আদনান সামি ও বোরহানউদ্দিন আহত হন।
পরে অভিযান চালিয়ে সৌরভ চন্দ্রকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আহত দুই সিপাহিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্ত মনি চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সৌরভ চন্দ্রের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকায় মাদক কারবারে জড়িত শাওনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

