CHATTAGRAM District map 67208893204e4

নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল প্রায় ১০টার দিকে শিশুটি প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে অভিযুক্ত ব্যক্তি তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বারান্দায় নিয়ে যান। সেখানে শিশুটির ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।

ঘটনাটি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরীক্ষার আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানান তিনি।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version