
দৈনিক রিপোর্ট ডেস্ক:
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে পারফর্ম করার সময় অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। গান পরিবেশনের একপর্যায়ে দর্শক সারি থেকে তাঁর দিকে পানির বোতল ছোড়া হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে পারফরম্যান্স চলাকালে একটি পানির বোতল গিয়ে হাসানের মাথায় আঘাত করে। তবে পরিস্থিতি শান্ত রেখে তিনি পারফরম্যান্স চালিয়ে যান, যা উপস্থিত অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, শুরুতে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেও পরে উপস্থিত অধিকাংশ দর্শক হাসানকে গান চালিয়ে যাওয়ার অনুরোধ জানান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ঘটনার পর বিষয়টি নিয়ে সংগীতাঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশ্ন তুলে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, এমন ঘটনায় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারত।
এ বিষয়ে অভিনয়শিল্পী মিশা সওদাগর, সংগীতশিল্পী রবি চৌধুরী, লুৎফর হাসান এবং তানভীর তারেকসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরাও উদ্বেগ প্রকাশ করেন। তারা দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং ভবিষ্যতে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, মুনসুন কালচারাল অ্যালায়েন্স আয়োজিত এই কনসার্টটি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়।