ttttttt 1786357338

নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে বইতে শুরু করেছে আনন্দের জোয়ার। শতভাগ পাসের গৌরব অর্জনের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় কলেজজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৯০৭ জন শিক্ষার্থী অংশ নেয় এবং সবাই সফলভাবে উত্তীর্ণ হয়। এর মধ্যে ৬৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলে সামগ্রিকভাবে জিপিএ-৫ অর্জনের হার দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩১ শতাংশ, আর পাসের হার শতভাগ।

বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি সাফল্য এসেছে। এ বিভাগে ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১২ জন জিপিএ-৫ পেয়েছে, যা বিভাগটির মোট পরীক্ষার্থীর প্রায় ৮৯ দশমিক ২১ শতাংশ। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২২১ জনের মধ্যে ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের একজন সামিয়া আফিয়া হায়াত। ফল প্রকাশের পর আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। তাঁর এই সাফল্যে পরিবারও গর্বিত ও আনন্দিত।

সামিয়ার মা সেজ্যুতি জামান বলেন, মেয়ের কাঙ্ক্ষিত ফলাফল পরিবারের জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, সামিয়া তার স্বপ্ন পূরণ করে একজন মানবিক চিকিৎসক হিসেবে দেশের মানুষের পাশে দাঁড়াবে।

ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। অভিভাবকরাও সন্তানের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সানজিদা বিনতে রহমানের পরিবারও সন্তানের কৃতিত্বে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলের প্রত্যাশা ব্যক্ত করেছে।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ বলেন, এবারের ফলাফল রাজউক উত্তরা মডেল কলেজের ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন। তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসনিক কর্মকর্তা সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম সরকার জানান, এবারের ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের মান এবং শিক্ষার্থীদের পরিশ্রমের ইতিবাচক প্রতিফলন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে কলেজ কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version