আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়িত না হওয়ার মধ্যেই পশ্চিম তীরে ‘পূর্ণ মাত্রার যুদ্ধের’ হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট কোনো সংস্থা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কিংবা ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে ৭ অক্টোবরের মতো হামলা চালালে, অথবা এমন হামলার প্রস্তুতি নেওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে পশ্চিম তীরে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করা হবে।

তিনি জানান, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তিনি আইডিএফকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

হামলার খসড়া পরিকল্পনা প্রস্তুত

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের বরাতে জানা গেছে, পশ্চিম তীরে সম্ভাব্য সামরিক অভিযান পরিচালনার একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে আইডিএফ।

পরিকল্পনা অনুযায়ী, সেখানে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, সম্ভাব্য অভিযানের মধ্যে লক্ষ্যভিত্তিক হত্যা, বেসামরিকদের বাস্তুচ্যুত করা, সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা ধ্বংস এবং পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের দীর্ঘমেয়াদি উপস্থিতির মতো পদক্ষেপ থাকতে পারে।

তিনি এ কৌশলকে গাজা ও লেবাননে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা এবং জেনিন ও উত্তর পশ্চিম তীরে অতীতের সামরিক অভিযানের সঙ্গে তুলনা করেন।

নাবলুসে ছুরিকাঘাতের পর হুঁশিয়ারি

সম্প্রতি পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের কাছে একটি ছুরিকাঘাতের ঘটনার পর কাৎজ এই হুঁশিয়ারি দেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, উসারিন এলাকায় ছুরি হাতে এক ব্যক্তি একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পর ওই এলাকায় ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়। হামলাকারীকে ধরতে অভিযান চালানোর পাশাপাশি আশপাশের কয়েকটি গ্রাম ঘিরে ফেলা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা অতীতের মতো দীর্ঘস্থায়ী সংঘাত বা ইন্তিফাদার পরিস্থিতিতে ফিরে যেতে চান না। তবে ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রয়োজন হলে পশ্চিম তীরে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

সূত্র: আরব নিউজ

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version