২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষার্থী এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবার এক ও দুই বিষয়ে ফেল করেছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বর্তমান নিয়ম অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরবর্তী বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে।
তবে নতুন ঘোষণার ফলে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে না। তাঁরা এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দিতে পারবেন।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয় হবে। একই সঙ্গে একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে পুরো এক বছর পিছিয়ে পড়ার আশঙ্কাও কমবে।
এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ
এদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।
