কূটনৈতিক প্রতিবেদক | ঢাকা
ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার দ্রুত অবসান চায় বাংলাদেশ। এ অঞ্চলের জনগণসহ বিশ্বের বৃহত্তর স্বার্থে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রত্যাশা ঢাকার।
বাংলাদেশের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথাও তুলে ধরা হয়। একই সঙ্গে সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির দ্রুত অবসান হলে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছে বাংলাদেশ।

