নিজস্ব প্রতিবেদক
ঢাকা

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দলটির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম। পৃথক ফেসবুক পোস্টে তাঁরা বাঁধনের প্রতি সংহতি প্রকাশ এবং তাঁর পাশে থাকার কথা জানিয়েছেন।

মঙ্গলবার সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে এ ঘটনায় প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ। এর আগে সোমবার রাতে পোস্ট করেন সারজিস আলম।

বাঁধন ইতালিতে গিয়েছেন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নিতে। ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইতালিতে পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কে যাওয়ার সময় তিনি হামলা ও হেনস্তার শিকার হন। পরে বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকে আক্রমণ করা হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছিল বলে তিনি জানান।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বাঁধন সাহসের সঙ্গে রাজপথে ছিলেন এবং দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তাঁর ভাষ্য, হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমন করা যাবে না।

ইতালির মাটিতে একজন বাংলাদেশি নাগরিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশটির প্রচলিত আইনে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ। একই সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানান তিনি।

অন্যদিকে, সারজিস আলম তাঁর পোস্টে বাঁধনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তিনি দেশের জন্য এবং মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন। একই সঙ্গে বাঁধনকে উদ্দেশ করে তিনি বলেন, তাঁরা সবাই তাঁর পাশে আছেন এবং পুরো বাংলাদেশ তাঁর পাশে রয়েছে।

হামলার পর বাঁধন নিজের যাচাইকৃত ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিওও প্রকাশ করেন।

ঘটনাটি নিয়ে বাংলাদেশি অভিনেত্রীর নিরাপত্তা, বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকের ওপর হামলা এবং এর কূটনৈতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version