সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার সচিবদের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সচিবদের বৈঠক সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভাগুলোর একটি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এতে অংশ নেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
এবারের বৈঠকের এজেন্ডায় চারটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে। এগুলো হলো—সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করা; সচিবদের কাছ থেকে পাওয়া জনগণের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক প্রস্তাব পর্যালোচনা; ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)’ নিয়ে আলোচনা এবং সরকারের কার্যক্রম-সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিক বিষয় পর্যালোচনা।
এ ছাড়া প্রশাসন ও সরকারি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় বৈঠকে আলোচনায় আসতে পারে।
