ক্রিকেট মাঠে প্রতিপক্ষ ব্যাটারকে প্রতারণার মাধ্যমে আউট করানোর অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন। ব্যাটে বল লাগার শব্দ নকল করতে আঙুল ফুটিয়ে আম্পায়ারকে বিভ্রান্ত করার ঘটনায় এই শাস্তি দেওয়া হয়েছে তাকে। একই ঘটনায় শাস্তির মুখে পড়েছে তার ক্লাব সল্টবার্ন ক্রিকেট ক্লাবও।
ঘটনাটি ঘটে গত জুলাইয়ে ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে। সল্টবার্নের দ্বিতীয় একাদশের হয়ে স্লিপে ফিল্ডিং করছিলেন ডিভাইন। এ সময় নর্টন দলের ব্যাটার নোমান শাবিরের ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার মুহূর্তে আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার মতো শব্দ তৈরি করেন তিনি।
শব্দ শুনে উইকেটকিপার বলটি ধরে ফেলেন। এরপর সল্টবার্নের খেলোয়াড়রা আউটের আবেদন করলে আম্পায়ার নোমান শাবিরকে আউট ঘোষণা করেন। অথচ বলটি ব্যাটে স্পর্শ করেনি বলে অভিযোগ ওঠে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের নামের সঙ্গে মিলিয়ে ডিভাইনকে ‘ক্লিকি পন্টিং’ নামে আখ্যা দেওয়া হয়।
ভিডিও সামনে আসার পর বিষয়টি তদন্তে নামে নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ কর্তৃপক্ষ। তদন্তে খেলোয়াড়দের সাক্ষাৎকার, লিখিত বক্তব্য এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। এ ছাড়া বিভিন্ন ম্যাচে ডিভাইন ও তার দলের আচরণ নিয়ে আরও অভিযোগ পাওয়া যায়।
তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন ডিভাইন। এই সময়ে তিনি শুধু খেলোয়াড় হিসেবেই নয়, কোচ, আম্পায়ার, স্কোরার কিংবা জুনিয়র দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করতে পারবেন না।
এ ঘটনায় সল্টবার্ন ক্রিকেট ক্লাবকেও শাস্তি দিয়েছে লিগ কর্তৃপক্ষ। ক্লাবটির দ্বিতীয় একাদশকে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ মৌসুমে তাদের শুরু করতে হবে ৬০ পয়েন্ট জরিমানা নিয়ে। ক্লাবটিকে আরও ৩০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পরও নিষেধাজ্ঞা ও অন্যান্য শাস্তি বহাল থাকে। সল্টবার্ন ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা শাস্তিমূলক প্রক্রিয়ায় অংশ নিয়েছে এবং আপিলের পর দেওয়া সিদ্ধান্ত মেনে নিয়েছে। এখন তাদের লক্ষ্য ২০২৭ মৌসুমের প্রস্তুতি নেওয়া।
একটি ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারকে প্রতারণার মাধ্যমে আউট করানোর অভিযোগ থেকে শুরু হওয়া ঘটনা শেষ পর্যন্ত এক ক্রিকেটারের দুই বছরের নিষেধাজ্ঞা এবং পুরো দলের অবনমনের কারণ হয়ে দাঁড়িয়েছে।
