বিনোদন প্রতিবেদক
ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’ মুক্তির দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছে। ১৪ আগস্ট মুক্তির পর দশম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ১৯২.৮ কোটি রুপি। ফলে ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে ছবিটির এখন প্রয়োজন আর মাত্র ৭.২ কোটি রুপি।
ভারতের বাজারে দশম দিনে সিনেমাটি ৮.৭৫ কোটি রুপি নিট আয় করেছে। এর ফলে দেশটিতে ছবিটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৬.২৫ কোটি রুপি। ভারতীয় বাজারে মোট গ্রস আয় হয়েছে ১৬২.৫ কোটি রুপি।
বিদেশের বাজারেও সিনেমাটির ব্যবসা অব্যাহত রয়েছে। দশম দিনে বিদেশ থেকে ১.৫ কোটি রুপি আয় করে ছবিটি। এতে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০.৩ কোটি রুপি। ভারত ও বিদেশ মিলিয়ে বিশ্বব্যাপী মোট গ্রস আয় ১৯২.৮ কোটি রুপি।
দ্বিতীয় সপ্তাহের শুরুতে শুক্রবার আয় কিছুটা কমে ৫.৭৫ কোটি রুপিতে নেমে এলেও পরের দুই দিনে পরিস্থিতির উন্নতি হয়। দ্বিতীয় শনিবার ছবিটি ভারতে ৮.২৫ কোটি রুপি নিট আয় করে, যা শুক্রবারের তুলনায় প্রায় ৪৩.৫ শতাংশ বেশি। ওই দিন সিনেমাটির গড় দর্শক উপস্থিতি ছিল ১৮ শতাংশ; সন্ধ্যা ও রাতের শোগুলোতে তা বেড়ে প্রায় ৩৩.৮৫ শতাংশে পৌঁছায়।
মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে ‘আওয়ারাপন ২’-এর নিট আয় ছিল ১১৩.৫ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় বাড়তে থাকায় এখন বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের প্রত্যাশা তৈরি হয়েছে।
নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ ২০০৭ সালের জনপ্রিয় ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়েল। ইমরান হাশমির পাশাপাশি এতে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। ছবিটিতে আগের সিনেমার আবেগ, গান ও ইমরান হাশমির চরিত্রকে ঘিরে তৈরি হওয়া নস্টালজিয়া দর্শকদের আগ্রহ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
মুক্তির সময় ‘আওয়ারাপন ২’-এর সঙ্গে সানি দেওলের ‘বাতওয়ারা ১৯৪৭’-এর প্রতিযোগিতা ছিল। তবে বক্স অফিসে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ইমরান হাশমির সিনেমাটিই। ২০২৬ সালের অন্যতম সফল হিন্দি সিনেমা হিসেবেও ছবিটি ইতোমধ্যে আলোচনায় এসেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
