রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টার মধ্যে সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব ঘটনা ঘটে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের দাবি, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরা থানা আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ। মিছিল চলাকালে প্রায় ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

রামপুরা থানার ডিউটি অফিসার রিয়াজ গণমাধ্যমকে জানান, সকালে আওয়ামী লীগের মিছিল ও মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

এর আগে খিলগাঁওয়ের আপন কফি শপের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। ওই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে। তবে খিলগাঁও থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানান, এ ধরনের কোনো তথ্য তখন পর্যন্ত তাঁর কাছে পৌঁছায়নি।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়, মাটিকাটা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এবং ক্যান্টনমেন্ট থানা এলাকা।

তেজগাঁওয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে, আফতাবনগর এবং বাড্ডা পাসপোর্ট অফিসের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল ও বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version