নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি দেশীয় একনলা বন্দুকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির একটি কাচারিঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে আটক করে।

গ্রেপ্তার সাইফুল ইসলাম দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা। পুলিশ তাকে পেশাদার অস্ত্র তৈরির কারিগর হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশ আরও জানায়, সাইফুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে কাচারিঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, বন্দুকের কাঠের বাট, লোহার বাট ও বডির বিভিন্ন অংশ, ট্রিগার, বোল্ট এবং এসএস স্টিলের আটটি ছোট-বড় অংশ জব্দ করা হয়। এ ছাড়া অস্ত্র তৈরিতে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন এবং তিনটি রেত উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version