নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশ্রাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ৭৭ জন। ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাঁদের একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা পার হওয়ার আগে গুরুতর রোগীদের ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।
৭৭ জন ভর্তি, ছাড়পত্র পেয়েছেন ১৪ জন
অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
তিনি বলেন, গুরুতর রোগীদের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। পাশাপাশি শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।
চারজন ক্রিটিক্যাল কেয়ারে, একজন ভেন্টিলেটরে
বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে।
তিনি জানান, চারজন রোগীকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাঁদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তাঁর চিকিৎসায় একজন পালমোনোলজিস্টসহ শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞরা কাজ করছেন।
এ ছাড়া কয়েকজন রোগীর চোখও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে গুরুতর রোগীদের চিকিৎসা চলছে।
সংকটাপন্ন রোগীর জন্য মেডিকেল বোর্ড
অধ্যাপক পাপন জানান, সংকটাপন্ন একজন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা ও ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে।
তিনি আরও বলেন, কিছু রোগী আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছিলেন। তাঁদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত রোগীদের পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে।
মাদ্রাসার অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছেন তিনি।

