২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে যাচাই করতে হবে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আবেদনের সর্বশেষ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। রোববার দুপুর ১২টায় আবেদনের সময় শেষ হয়েছে। নির্ধারিত আট দিনে ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ২ লাখ ৯১ হাজার শিক্ষার্থী আবেদন করেন। আগামী ২৩ নভেম্বরের মধ্যে এসব আবেদন যাচাইয়ের কাজ শেষ করতে হবে।
এর আগে আবেদনের শেষ সময় ৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে সার্ভারজনিত সমস্যার কারণে শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময় একদিন বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়।
এবার পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা বেশি
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সূত্র।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া শুরু হয়।

