মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জিতেছেন টেলিভিশন অভিনেত্রী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) ঢাকার একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁর নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
বিজয়ী হিসেবে মাহির নাম ঘোষণার পর তাঁকে বেশ আবেগাপ্লুত দেখা যায়। আনন্দে হাত বুকের ওপর রেখে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। তিনিই মাহির মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।
আয়োজকদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, মুকুট পরানোর পর দুজন একে অপরকে আলিঙ্গন করেন। পরে দর্শকদের করতালির মধ্যে একসঙ্গে মঞ্চে হাঁটেন তাঁরা।
বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন মাহি। তিনি লেখেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পেয়ে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার মুহূর্ত নয়, বাংলাদেশের জন্যও একটি বিশেষ মুহূর্ত। সামনে এখন নতুন এক যাত্রা।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাহি। এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুয়ের্তো রিকোতে।
উল্লেখ্য, মিস ইউনিভার্স বাংলাদেশ একটি জাতীয় সুন্দরী প্রতিযোগিতা। এর মাধ্যমে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করা হয়। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতাটির যাত্রা শুরু হয়। ওই বছর শিরিন আক্তার শিলা প্রথমবারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হন।
অভিনয়জগতে পরিচিত মুখ সামিরা খান মাহির ক্যারিয়ারে নতুন এই অর্জন যুক্ত করল আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

