যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন হিজাব পরিহিত পাঁচ মুসলিম নারী। তাঁদের মধ্যে চারজন বিভিন্ন অঙ্গরাজ্যের সিনেটে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মিনেসোটা থেকে পঞ্চমবারের মতো মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইলহান ওমর।
নির্বাচনে জয়ী পাঁচজনই ডেমোক্র্যাট দলের রাজনীতিক। তাঁদের এই বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জয়ী পাঁচ নারীর মধ্যে রয়েছেন জর্জিয়ার রুয়া রোমান, নিউইয়র্কের আবের কাওয়াস, ইলিনয়ের নাবিলা সৈয়দ, কানেকটিকাটের মরিয়ম খান এবং মিনেসোটার ইলহান ওমর।
রুয়া রোমান: জর্জিয়ার সিনেটে নতুন যাত্রা
জর্জিয়ার স্টেট সিনেটের ৭ নম্বর আসনে জয় পেয়েছেন রুয়া রোমান। এর আগে তিনি অঙ্গরাজ্যটির প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই রাজনীতিক যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে পরিচিত মুখ। ২০২৪ সালের ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনেও ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে আলোচনায় এসেছিলেন তিনি।
আবের কাওয়াস: নিউইয়র্কের প্রথম হিজাব পরা মুসলিম নারী সিনেটর
নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ১২ নম্বর আসনে জয় পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। তাঁর এই বিজয়ের মধ্য দিয়ে নিউইয়র্কের আইনসভায় প্রথম হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।
অভিবাসী পরিবারে বেড়ে ওঠা কাওয়াস দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অভিবাসননীতি, অর্থনৈতিক বৈষম্য এবং নাগরিক অধিকার নিয়ে তাঁর অবস্থান রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়েছে।
নাবিলা সৈয়দ: ৫৭ শতাংশ ভোটে জয়
ইলিনয় অঙ্গরাজ্যের ২৬ নম্বর সিনেট আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডারবি হিলসকে হারিয়ে জয় পেয়েছেন ২৭ বছর বয়সী নাবিলা সৈয়দ। তিনি ৫৭ শতাংশ ভোট পেয়েছেন।
ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক এর আগে ইলিনয়ের প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। স্বাস্থ্যসেবায় সবার সমান সুযোগ, জীবনযাত্রার ব্যয় কমানো এবং জননিরাপত্তা তাঁর রাজনৈতিক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ বিষয়।
মরিয়ম খান: কানেকটিকাটের সিনেটে পাকিস্তানি বংশোদ্ভূত নারী
কানেকটিকাট অঙ্গরাজ্যের ২ নম্বর সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী টিম নটসকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ডেমোক্র্যাট রাজনীতিক মরিয়ম খান।
এর আগে তিনি কানেকটিকাটের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, বিশেষ শিক্ষা এবং বিচার বিভাগ-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
ইলহান ওমর: পঞ্চমবারের মতো কংগ্রেস সদস্য
মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ইলহান ওমর। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন নাগেলকে হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি।
সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর ১৯৯৫ সালে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। ২০১৮ সালে প্রথমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন তিনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম হিজাব পরা নারী সদস্য হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও তাঁর নাগরিকত্ব নিয়ে ওঠা প্রশ্নের মুখেও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন ইলহান। এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে পাঁচ মুসলিম নারীর জয় দেশটির রাজনীতিতে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিনিধিত্ব নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তাঁদের বিজয় বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা থেকে শুরু করে জাতীয় পর্যায়ের রাজনীতিতে মুসলিম নারীদের অংশগ্রহণের বিষয়টি আরও সামনে এনেছে।

