চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে গেছে একটি বাস। এ দুর্ঘটনায় এক শিক্ষিকাসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার তেমুহনী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার এক শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
পুলিশ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে শিক্ষা সফরের উদ্দেশ্যে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাস কক্সবাজারের পথে রওনা হয়। বাস দুটিতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা ছিলেন।
পথে সাতকানিয়ার তেমুহনী রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে অন্য বাসের যাত্রী, স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সাতকানিয়া থানা-পুলিশের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, দুর্ঘটনায় মাদ্রাসার একজন শিক্ষিকা ও একজন অতিথি নিহত হয়েছেন। তাঁরা বাসটির সামনের আসনে বসেছিলেন। বাসের কিছু অংশ ডোবার পানিতে ডুবে যাওয়ায় শ্বাস নিতে না পেরে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম ঘুম ভাব থাকায় তিনি বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

