আরব উপসাগরে তেলবাহী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাহরাইনগামী এমটি ভেলোস নামের ট্যাংকারটিতে এ হামলার ঘটনা ঘটে। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভেলোস ট্যাংকার্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির বিবৃতি অনুযায়ী, হামলায় এক নাবিক গুরুতর আহত হন এবং একপর্যায়ে নিখোঁজ হয়ে যান। পরে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় জাহাজের অন্য কোনো ক্রু সদস্য আহত হননি।
হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় সমুদ্রের পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঘটনার পর এমটি ভেলোস বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে গিয়ে নোঙর করে। হামলার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির বাইরের কাঠামোর কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পরীক্ষা করা হবে।
সাম্প্রতিক সময়ে আরব ও পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করার অভিযোগ উঠলেও এমটি ভেলোসে সর্বশেষ হামলার ঘটনায় ইরানি বাহিনীর সম্পৃক্ততার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স।

