
দৈনিক রিপোর্ট ডেস্ক:
দেশের রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করে এ তথ্য জানান।
ঘোষণা অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বা নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা চাইলে তাদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন।
তফসিল অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির সিনিয়র সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে কমিশন প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।