রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে রাজধানীর অন্তত ১২টি এলাকায় ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ ও নিরাপত্তাকর্মীসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগ ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল একটি পার্ক করা গাড়ির ওপর পড়ে। অন্যদিকে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণে একজন নিরাপত্তাকর্মী আহত হন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সিনেট ভবন, নীলক্ষেত গেট ও কুয়েত মৈত্রী হল এলাকাসহ কয়েকটি স্থানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে একটি স্কুলের পার্কিংয়ে থাকা বাস সম্পূর্ণ পুড়ে যায়।
ককটেল বিস্ফোরণে আহতদের মধ্যে রয়েছেন ক্যান্টনমেন্ট থানা পুলিশের কনস্টেবল মো. এনামুল এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. রমজান। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এসব ঘটনা তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

