
দৈনিক রিপোর্ট ডেস্ক:
থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং শ্রমবাজারসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে দুই দেশ আগ্রহ প্রকাশ করেছে।
শুক্রবার (২৪ জুলাই) ব্যাংককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বিজাবাত ইসারাভাকদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতির সময় হুমায়ুন কবির এই দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।
দুই দেশের প্রতিনিধিরা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণ, পর্যটন খাতের উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির নানা দিক পর্যালোচনা করেন। বিশেষ গুরুত্ব পায় প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা।
বৈঠকে হুমায়ুন কবির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে থাইল্যান্ডের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
এ বিষয়ে থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ বর্তমানে আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও গভীর করা এবং সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৈঠকের একপর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হুমায়ুন কবির থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।