
দৈনিক রিপোর্ট ডেস্ক:
নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাকে কেন্দ্র করে নিরাপত্তা তৎপরতার মধ্যে এক যুবককে পিস্তলসদৃশ বস্তুসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উত্তরা গণভবন পরিদর্শন শেষে মন্ত্রী পথসভায় বক্তব্য দেওয়ার পর মঞ্চ থেকে নামার সময় ওই যুবক তাঁর খুব কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় দুই দফা ধাক্কার ঘটনা ঘটলে দায়িত্বরত পুলিশ সদস্যদের সন্দেহ হয় এবং তাঁকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় যুবকের কাছে একটি পিস্তলসদৃশ বস্তু পাওয়া গেলে তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে তিনি দাবি করেন, এটি তাঁর বাবার নামে লাইসেন্স করা অস্ত্র এবং আত্মরক্ষার জন্য সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে একজন শিক্ষার্থী বলেও পরিচয় দেন।
তবে পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ইফতেখায়ের আলম জানান, পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে উদ্ধার হওয়া বস্তুটি খেলনা পিস্তল। আটক ব্যক্তির পরিচয় শামস আল-আমিন। তাঁর বাড়ি নাটোর শহরের কানাইখালী এলাকায়।
পুলিশ জানিয়েছে, খেলনা পিস্তল নিয়ে তিনি কেন মন্ত্রীর অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ওই সফরে মন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।