5 1786368516

নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট

নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার ঘটনার নয় দিন পর সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত ইব্রাহিম আল মাসুম পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের বাসিন্দা এবং ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের ফকিরবাড়ি এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে একদল হামলাকারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

এ সময় গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম। হামলা ঠেকাতে গিয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মাসুমকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।

মাসুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনাও সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের ভগ্নিপতির দায়ের করা মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাসুমের মৃত্যুর পর যাতে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version