image 316460 1786116882

দৈনিক রিপোর্ট ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল প্রশাসন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে তার নামে বরাদ্দ থাকা আবাসিক সিটও বাতিল করা হয়েছে। হল প্রশাসনের জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ, তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্স (২০২০–২১ সেশন) শিক্ষার্থী। তিনি বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের একটি কক্ষে আবাসিক হিসেবে অবস্থান করছিলেন।

হল প্রশাসনের তথ্যমতে, গত ১৯ জুলাই রাতে যমুনা ব্লকের একটি অতিথি কক্ষসংলগ্ন ওয়াশরুম ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে আরেক আবাসিক শিক্ষার্থী আহমেদ শাহরিয়ার নীড়ের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযোগের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সঙ্গে আব্দুল্লাহ আল মাহফুজের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে হল প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীর কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলাবিধির পরিপন্থী হওয়ায় ৬ আগস্ট থেকে কার্যকরভাবে তাকে ছয় মাসের জন্য বিজয় একাত্তর হল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার আবাসিক সিটের বরাদ্দও বাতিল করা হয়েছে।

হল প্রশাসনের জারি করা আদেশে বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. আলী রেজার স্বাক্ষর রয়েছে।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version