কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে টেকনাফের দক্ষিণ লম্বারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধীন সি-বিচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বারীঘাট এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে পাচারের শিকার হতে যাওয়া ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৪৫ বছরের মধ্যে। তাঁদের মধ্যে রয়েছেন আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার ব্যক্তিদের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সমুদ্রপথে মানবপাচার রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version