image 412034 1785939676

দৈনিক রিপোর্ট ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যেসব মানুষ জীবন উৎসর্গ ও আত্মত্যাগের মাধ্যমে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, জাতি তাদের অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, সেই সংগ্রাম ও ত্যাগের ধারাবাহিকতাতেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছে।

বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবস’ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছরের আন্দোলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, পাশাপাশি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অসংখ্য মানুষ কারাবরণ, নির্যাতন ও আত্মত্যাগ করেছেন। তাঁদের অবদানের ফলেই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি।

নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রতিকূল সময়েও তিনি নান্দাইলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে থেকে আন্দোলন পরিচালনা করেছেন। একই সঙ্গে তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যে ভিত্তি তৈরি হয়েছিল, তা ২০২৪ সালের ৫ আগস্ট একটি ঐতিহাসিক পরিণতি লাভ করে। সেই ঘটনার দুই বছর পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণ এবং আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের জন্য একাধিক সহায়তা কর্মসূচির ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, তালিকাভুক্ত শহীদ পরিবারগুলোর জন্য আগামী দুই মাসের মধ্যে আধাপাকা ঘর নির্মাণ করা হবে। এছাড়া আগামী সাত দিনের মধ্যে প্রতিটি পরিবারের বাড়িতে নলকূপ স্থাপন করা হবে।

এ ছাড়া নান্দাইলের শহীদ পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version