
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।
আজ বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীতে তামিরুল উম্মাহ মডেল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তিনি বলেন, “জুলাইয়ের অর্জন বাংলাদেশের জনগণের। এটিকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজনৈতিক সুবিধা নেওয়া বা বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় একটি মাদ্রাসার জন্য সরকারি জায়গা বরাদ্দের দাবির বিষয়ে আমিনুল হক বলেন, উপযুক্ত জমির তথ্য উপস্থাপন করা হলে সরকারি বিধি-বিধান অনুসরণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুদের মোবাইল ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখে এবং মাদকাসক্তি প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বছরে অন্তত দুই থেকে তিনটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআন শিক্ষা ও কারাতেসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরের মধ্যেই প্রায় ৪০ লাখ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে দেশের সব যোগ্য পরিবারের নারীদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলেয়া অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল। সঞ্চালনা করেন তামিরুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রিয়াজুল ইসলাম। এ সময় বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এমপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।