canada indian 1786277843

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক রিপোর্ট

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই কানাডা থেকে ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোনো দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ডিপোর্টের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, একই সময়ে ১ হাজার ৫৭৩ জন মেক্সিকান নাগরিককেও দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ভারতীয়দের সংখ্যা অন্য সব দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সরকারি পরিসংখ্যান বলছে, পুরো ২০২৫ সালে কানাডা থেকে মোট ৩ হাজার ৭৭৯ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছিল। অথচ ২০২৬ সালের মাত্র প্রথম ছয় মাসেই সেই সংখ্যার প্রায় ৮৮ শতাংশ পূরণ হয়ে গেছে। এছাড়া বর্তমানে ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক ডিপোর্ট প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন, যা যেকোনো দেশের নাগরিকদের মধ্যে সর্বোচ্চ।

এদিকে যুক্তরাষ্ট্র থেকেও ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর ঘটনা ঘটলেও সংখ্যার দিক থেকে কানাডা অনেক এগিয়ে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভিসার শর্ত ভঙ্গ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান, জাল কাগজপত্র ব্যবহার, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয় আবেদন (রিফিউজি ক্লেইম) বাতিল হওয়াই ডিপোর্টের প্রধান কারণ।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে কানাডা সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে। এরই প্রভাব হিসেবে ডিপোর্টের সংখ্যা দ্রুত বাড়ছে।

কানাডার অভিবাসন ব্যবস্থায় সাধারণত তিন ধরনের বহিষ্কার আদেশ কার্যকর করা হয়। এর মধ্যে ডিপার্চার অর্ডার অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে হয়। এক্সক্লুশন অর্ডার-এ নির্দিষ্ট সময়ের জন্য পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা থাকে। আর ডিপোর্টেশন অর্ডার জারি হলে সরকারের বিশেষ অনুমতি ছাড়া ভবিষ্যতে কানাডায় প্রবেশের সুযোগ থাকে না।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version