নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে অসহায় অবস্থায় পড়ে থাকা ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন পল্লবী থানার নতুন যোগদানকৃত এএসআই রবিউল ইসলাম। তাঁর উদ্যোগে ওই বৃদ্ধাকে থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে রেখে প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা হয়।
১ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে এএসআই রবিউল ইসলাম জানতে পারেন, সেকশন-১০ বেনারশী পল্লীর ব্লক-এ বায়তুল মামুর মসজিদের সামনে এক বৃদ্ধা পড়ে আছেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন এবং বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত)কে অবহিত করেন।
বৃদ্ধা তখন নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। কয়েক দিন ধরে তিনি সেখানে অবস্থান করছিলেন বলে জানা যায়। পরে নারী পুলিশের সহায়তায় তাঁকে থানার হেল্প ডেস্কে রেখে পরিচর্যা করা হয়। এএসআই রবিউল ইসলামসহ পুলিশ সদস্যরা বারবার কথা বলে তাঁর পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করেন।
দীর্ঘ সময় পর জানা যায়, ওই বৃদ্ধার নাম মোছা. ফিরোজা বেগম ওরফে রানী (৬৫)। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুশুমদিয়া ফকির বাড়ি এলাকায়।
পরে কাশিয়ানী থানার মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বৃদ্ধার ছেলে মো. আব্দুস সবুর জানান, তাঁর মা গত ২৮ সেপ্টেম্বর নিখোঁজ হন। এ ঘটনায় তিনি ভাসানটেক থানায় একটি নিখোঁজ জিডি করেছিলেন এবং ঢাকার বিভিন্ন এলাকায় মায়ের সন্ধান করছিলেন।
১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে আব্দুস সবুর পল্লবী থানায় উপস্থিত হলে প্রয়োজনীয় যাচাই শেষে তাঁর মাকে সুস্থ অবস্থায় ছেলের জিম্মায় তুলে দেওয়া হয়।
মাকে ফিরে পেয়ে আব্দুস সবুর পল্লবী থানা-পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বৃদ্ধাকে উদ্ধার, পরিচয় শনাক্ত এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে এএসআই রবিউল ইসলামের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

