বিএনপির এক নেতার হুমকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক, চেনো বিএনপিকে।’ ৫২ সেকেন্ডের এই ভিডিওতে হুমকি দিতে দেখা যায় রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে।

বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের একাধিক সূত্র জানিয়েছে, এই হুমকি রাজারহাট শ্রমিককল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক রুবেল মিয়াকে উদ্দেশ করে দেওয়া হয়। বিষয়টি ঘিরে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা তৈরি হয়েছে।
রুবেল মিয়া অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি নির্বাচনের সময় উত্তেজনা সৃষ্টি হয়। আনিছুর রহমান কয়েকজন বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তির নাম সভাপতি পদের জন্য প্রস্তাব করলে রুবেল জামায়াতের আহমদ আলীর নাম প্রস্তাব করেন। এ সময় কথা-কাটাকাটি হয়।
তিনি জানান, পরে বিকেলে ‘লায়ন’ নামের এক বিএনপি কর্মীর ফোন পেয়ে থানা মোড়ে গেলে, আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন তাঁকে পাশের একটি ফার্মেসিতে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং গালিগালাজ করেন।
রুবেল আরও বলেন, “নিরাপত্তাজনিত কারণে এখনো থানায় অভিযোগ করিনি। তবে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব।”
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে আনিছুর রহমান বলেন, “রুবেল শিবির করে এবং বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছে। ভুল স্বীকার করে সে ক্ষমাও চেয়েছে।” ভিডিও প্রসঙ্গে তিনি দাবি করেন, পুরো ঘটনার ভিডিও না দেখিয়ে কেবল তাঁর বক্তব্যের আংশিক অংশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। রাগের মাথায় কথাগুলো বলেছেন উল্লেখ করে তিনি বলেন, “প্রয়োজনে জামায়াতের কাছে দুঃখ প্রকাশ করব।”
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (বেবু) বলেন, “দলীয় কোনো নেতা এভাবে কাউকে হুমকি দিয়ে থাকলে তা তার ব্যক্তিগত দায়। দলের গঠনতন্ত্র অনুযায়ী অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলার বিষয় নিশ্চিত হওয়া যায়নি।