ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘদিন নীরব থাকার পর আজই সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে চমক লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
তবে কী বিষয়ে এতদিন নীরব ছিলেন কিংবা ঠিক কী প্রকাশ করতে যাচ্ছেন, সে সম্পর্কে পোস্টে স্পষ্ট করে কিছু জানাননি এই অভিনেত্রী।
চমকের এমন রহস্যময় বার্তার পর থেকেই তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ঘিরে নানা আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন, কী এমন বিষয় সামনে আনতে যাচ্ছেন তিনি।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি।
‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান চমক।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ গানে নৃত্য পরিবেশনায় অংশ নিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
এখন ভক্তদের অপেক্ষা, চমক ঠিক কী তথ্য সামনে আনতে যাচ্ছেন এবং তাঁর রহস্যময় ঘোষণার পেছনের বিষয়টি কী।

