ঢাকার আশুলিয়ায় স্বামী মো. হারুন (৩৫) হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. রুনা (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। পিবিআইয়ের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই ঢাকা জেলার সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে আশুলিয়া থানাধীন মরিচকাটা এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার ৩ নম্বর কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা খুলে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় পাওয়া যায় মো. হারুন (৩৫) হিসেবে।
এ ঘটনায় নিহতের বড় বোন মোসা. সাজেদা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৪ নভেম্বর দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়। পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই ঢাকা জেলা।
পিবিআই জানায়, সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপির নির্দেশনায় এবং ঢাকা জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে নিহতের স্ত্রী মোসা. রুনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও ব্যবহৃত সিমকার্ড উদ্ধার করে জব্দ করা হয়।
যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে
পিবিআইয়ের তদন্ত এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে জানা যায়, ২০০৯ সালে হারুন ও রুনার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। একপর্যায়ে হারুন স্ত্রী ও সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন এবং তাঁদের ভরণপোষণের খরচ দেওয়া বন্ধ করে দেন বলে তদন্তে উঠে এসেছে।
পরবর্তীতে রুনা আশুলিয়ায় এসে জানতে পারেন, হারুন আরেকটি বিয়ে করে সেখানে সংসার করছেন। তিনিও আশুলিয়া এলাকায় বসবাস শুরু করেন এবং একটি পোশাক কারখানায় চাকরি নেন।
পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর রাতে হারুন তাঁর দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে চাইলে রুনা বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হারুন রুনার চুলের মুঠি ধরে তাঁকে লাথি মারেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন আসামি।
এর জের ধরে ১ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে রুনা পাথরের শিল দিয়ে হারুনের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয় বলে পিবিআই জানিয়েছে। পরে মরদেহটি যে কক্ষে ছিল, সেটি তালাবদ্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রুনা।
পিবিআই আরও জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামি মোসা. রুনা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই ঢাকা জেলা।

