ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘চটজলদি নয়া পাসপোর্ট ও এনআইডি দিয়ে দাও। ‘ধাড়ি পাখি’টা খাঁচায় ঢুকুক। নিজে থেকেই চাইছে যখন।’
এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রয়টার্সের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
আইনজীবীদের দাবি, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার ভিত্তিতে নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। তাঁর নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন মঞ্জুর হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ও নতুন পাসপোর্টের আবেদন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এর মধ্যেই মারুফ কামাল খানের ফেসবুক পোস্টটি সামনে এসেছে।

