ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে আইনজীবীর মাধ্যমে এ আবেদন পাঠান শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি আগে রয়টার্সকে জানিয়েছিলেন। তাঁর সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
পাসপোর্টের আবেদন নিয়ে পররাষ্ট্র সচিবের বক্তব্য
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীকে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর ও জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, ‘আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।’
আইনজীবীদের চিঠিতে যা বলা হয়েছে
রয়টার্সের হাতে আসা চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন।
বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তাঁরা।
পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিতে ফেরানোর কথা সরকারের
এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের লক্ষ্য তাঁকে হস্তান্তর করা। এ জন্য পাসপোর্টের পরিবর্তে প্রয়োজনীয় বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ২০২৫ সালের নভেম্বরে জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
বর্তমানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে তাঁর আবেদন গ্রহণ বা নতুন পরিচয়পত্র ইস্যুর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

