ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদন করাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর দাবি, শেখ হাসিনা দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছেন না; বরং মানুষকে বিভ্রান্ত করছেন।
সোমবার (৯ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কখনো ফিরে আসবেন না। ফিরে আসার জন্য তার যে আইনগত প্রক্রিয়া, সেভাবে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তিনি মানুষকে বিভ্রান্ত করছেন।’
এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশিত হয়। লন্ডনভিত্তিক একদল আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এর মধ্যেই চিফ প্রসিকিউটর তাঁর প্রতিক্রিয়া জানালেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। একই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশের পাশাপাশি শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
