দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের এ ব্যবস্থা আগামী বছরের জুলাইয়ে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ ব্যবস্থা চালু হলে গ্রাহকরা যেকোনো অংশগ্রহণকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা নিজের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সহজেই অর্থ লেনদেন করতে পারবেন। ফলে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা পাঠানোর ক্ষেত্রে আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা কমবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আর্থিক সেবার আওতা বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষও ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসার সুযোগ পাবেন।

গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এ প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এ ক্ষেত্রে ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় তৈরি উন্মুক্ত সফটওয়্যার ব্যবহার করা হবে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করাই এ প্রযুক্তির মূল লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এর ফলে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে।

তিনি জানান, আইআইপিএস চালু হলে গ্রাহকরা নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বরং যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।

যেসব সুবিধা পাওয়া যাবে

নতুন এ ব্যবস্থার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হবে।

বর্তমানে বাংলাদেশে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে। তবে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানসহ সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একই নেটওয়ার্কে যুক্ত করার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই ব্যবস্থায় ব্যাংকের জন্য সর্বোচ্চ লেনদেন মাশুল ভ্যাটসহ ০.১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য ০.২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য ০.৮৫ শতাংশ নির্ধারণ করা হয়। অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল নেওয়ার নির্দেশনাও ছিল।

তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এতে যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন।

রেমিট্যান্স পাঠানোতেও আসতে পারে পরিবর্তন

শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেন নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও আইআইপিএস ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এ বিষয়ে একটি গবেষণা উদ্যোগ শুরু করে। গবেষণাটির বিষয় ছিল বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার।

পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার জানান, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।

সংশ্লিষ্টদের মতে, অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত ও তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব কিংবা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হতে পারে। তবে এ জন্য আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান এবং অর্থ নিষ্পত্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

ব্যবসা-বাণিজ্য ও সরকারি সেবায়ও সুবিধা

আইআইপিএস কার্যকর হলে ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসায়ী ও সরকারি প্রতিষ্ঠানও সুবিধা পেতে পারে। ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমতে পারে।

অন্যদিকে ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। সরকারি বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থও ডিজিটাল মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।

তবে নতুন এ ব্যবস্থা সফল করতে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তিগত নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থা নিশ্চিত করা জরুরি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জুলাইয়ে আইআইপিএস চালুর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন অধ্যায় শুরু হতে পারে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version