নিজস্ব প্রতিবেদক | ১২ নভেম্বর ২০২৬
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে শিক্ষার্থী বাছাই করে তালিকা তৈরির কাজ চলছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে যুগান্তর।
প্রতিবেদন অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থী বাছাই করা হবে। অর্থাৎ মোট ১১টি বোর্ড থেকে ১০০ জন করে শিক্ষার্থী নির্বাচিত হলে ল্যাপটপ পাবেন ১ হাজার ১০০ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এসএসসি পরীক্ষায় প্রতিটি বোর্ডের সর্বোচ্চ নম্বরধারী ১০০ জনকে ল্যাপটপ দেওয়া হবে। পুরো কার্যক্রম বাস্তবায়ন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকিউরমেন্ট শাখা।
যেভাবে তৈরি হবে শিক্ষার্থীদের তালিকা
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে ল্যাপটপ বিতরণের কার্যক্রম সম্পন্ন করবে মাউশি।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
বাস্তবায়নের দায়িত্ব মাউশির
শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ল্যাপটপ বিতরণের পুরো কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে। অধিদপ্তরের প্রকিউরমেন্ট শাখা এ কার্যক্রম পরিচালনা করবে।
তবে শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ল্যাপটপ বিতরণের তারিখ এবং বিতরণসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগে ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় গোল্ডেন জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার কথা জানানো হয়েছিল। নতুন প্রতিবেদনে প্রতি বোর্ডের সর্বোচ্চ নম্বরধারী ১০০ জনকে বাছাইয়ের কথা বলা হয়েছে।

