দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। দীর্ঘদিন ধরে জাতীয় দলে একজন ডানহাতি ওপেনারের প্রয়োজনীয়তা অনুভব করছিল নির্বাচক প্যানেল। সেই বিবেচনায় রবিনকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন।

সোমবার (৯ নভেম্বর) রবিনকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, দীর্ঘদিন ধরেই একজন ডানহাতি ওপেনারের সন্ধানে ছিল নির্বাচক প্যানেল। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রবিনের ভালো পারফরম্যান্স বিবেচনায় নিয়ে তাঁকে দলে নেওয়া হয়েছে।

প্রধান নির্বাচক বলেন, ‘অনেক দিন ধরেই আমরা একজন ডানহাতি ওপেনার খুঁজছি। মাহফিজুলকে দেখে মনে হচ্ছে সে প্রস্তুত। এই ঝুঁকিটা নিতেই হতো। যেহেতু ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় সে ভালো করেছে, তাই তাকে স্কোয়াডে রাখা হয়েছে।’

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। তাঁর অন্তর্ভুক্তি প্রসঙ্গে হাবিবুল বাশার জানান, সাদমানের পাশাপাশি মাহমুদুল হাসান জয়কেও বিবেচনায় রেখেছিলেন তাঁরা। তবে চোটের কারণে শেষ পর্যন্ত দল থেকে ছিটকে যান জয়। বর্তমানে ভালো ফর্মে থাকায় নাঈমকে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজে ইনজুরির কারণে সাদমান নেই। জয়কে নিয়েও ভেবেছিলাম, কিন্তু সেও ইনজুরিতে। নাঈম শেখকে নেওয়া হয়েছে, সে ফর্মে আছে। মাহমুদুল হাসান জয় দুর্ভাগ্যজনকভাবে গতকাল বিকেলে মেডিকেল কারণে বাদ পড়ে যায়।’

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের সূচিতে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। সফরের উদ্দেশে আগামী ১০ নভেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে।

 

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version