পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে রাবিয়া আহসান নামে এক নারী টেলিভিশন উপস্থাপকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি অস্ত্রও জব্দ করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাবিয়া আহসান দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুখেরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে তিনি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও ফরেনসিক দলের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানান, নিহতের স্বামী তাঁকে বলেছিলেন, বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি বের হয়ে এ ঘটনা ঘটেছে। তবে স্বামীর এই বক্তব্য যাচাই করে দেখছে পুলিশ।

এদিকে পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির একটি বিশেষ দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

এ হত্যাকাণ্ডে গভীর শোক ও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

একই এলাকায় কর্মজীবী নারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় গত আগস্টে রাওয়ালপিন্ডিতে ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের নিজ বাসায় রহস্যজনক মৃত্যুর ঘটনাও স্মরণ করেন আসিফা ভুট্টো।

পরপর দুই কর্মজীবী নারীর এমন মৃত্যু উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version