ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে নলছিটি থানায় মামলাটি দায়ের করে। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা এবং শহিদুল ইসলাম (২৮)। তাঁরা সবাই দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

তবে তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও আসামির স্বজনরা এ হামলায় জড়িত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলায় নলছিটি থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর থেকে মূল আসামি সিরাজুল ইসলাম মোল্লাসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version