দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বিশেষ নকশার ‘ওয়াই-টাইপ’ বা ইংরেজি ‘Y’ অক্ষরের আদলে সেতু তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সেতুর মাধ্যমে দেশের তিনটি অঞ্চলের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ করার পরিকল্পনা রয়েছে।

গত ৩ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট তিনটি মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

‘ওয়াই-টাইপ’ সেতু হলো ইংরেজি ‘Y’ অক্ষরের আদলে তৈরি ত্রিমুখী অবকাঠামো। এ ধরনের সেতুতে তিনটি পৃথক সড়ক বা অঞ্চল একটি সংযোগস্থলে মিলিত হয়। ফলে একাধিক অঞ্চলের মধ্যে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হয়।

প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর জন্য মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি পাবনার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সূত্রে জানা গেছে, দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য অবস্থান নির্ধারণে রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ জেলার সীমান্তসংলগ্ন এলাকায় সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এ জন্য তিনটি সম্ভাব্য রুট বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হলো রাজবাড়ী-পাবনা পয়েন্ট, মানিকগঞ্জ-রাজবাড়ী এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুট।

প্রস্তাবিত সেতুটি বর্তমান পদ্মা সেতুর উজানে প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরে নির্মাণের সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল বিশ্লেষণের পরই সেতুর চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হবে।

এদিকে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, পদ্মা ব্যারাজ প্রকল্পের পাশাপাশি ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে। নির্বাচনি ইশতেহারেও এসব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে।

তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের আগে সমন্বিত পরিকল্পনা এবং অবকাঠামোগত কাজের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করতে বৈঠক হয়েছে। পদ্মা ব্যারাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়নেও এটি ব্যবহারের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতুর মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কি না, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। পরে সিদ্ধান্ত হয়, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগও অব্যাহত থাকবে।

তবে দ্বিতীয় পদ্মা সেতুর চূড়ান্ত নকশা ও নির্মাণস্থান নির্ধারণের বিষয়টি এখনো সম্ভাব্যতা সমীক্ষার ওপর নির্ভর করছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version