বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে মোবাইল ফোন চুরির ঘটনায় বিপাকে পড়েছেন দর্শকরা। অনুষ্ঠানস্থলে উপচে পড়া ভিড়ের সুযোগ নিয়ে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি কলেজ মাঠে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র ও আয়োজকদের তথ্য অনুযায়ী, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে দর্শকরা আসতে শুরু করেন। একপর্যায়ে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে মাঠে।
দর্শকদের নিরাপত্তায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
এত নিরাপত্তার মধ্যেও ভিড়ের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে অনেক দর্শক নিজেদের ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন।
কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হতে পারে।
তিনি আরও জানান, অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।
ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

